ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আগামী ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের আলোকে পঞ্চগড়ের জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জেলার দুইটি সংসদীয় আসনের নির্বাচনি সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে।
ঘোষিত আসনসমূহ হলো— পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-পঞ্চগড় সদর-আটোয়ারি) এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার)-এর নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯শে ডিসেম্বর (সোমবার), ২০২৫ খ্রি.।
পঞ্চগড় জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ নং আসনের মনোনয়নপত্র বাছাই ৩রা জানুয়ারি (শনিবার), ২০২৬ খ্রি. সকাল ১১:০০ টায় এবং পঞ্চগড়-২ নং আসনের মনোনয়নপত্র বাছাই একই দিন দুপুর ১২:০০ টায় জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রি. এবং প্রতীক বরাদ্দ প্রদান করা হবে ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রি.। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, আগামী ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখ অথবা তার পূর্ববর্তী যেকোনো কর্মদিবসে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উল্লিখিত নির্বাচনি এলাকাসমূহ থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে পঞ্চগড় জেলাপ্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।