মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন-সংক্রান্ত কেন্দ্রীয় পরিষদের ঘোষিত চলমান ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত স্ব-স্ব কর্মস্থলে অবস্থান ধর্মঘট পালন করেছে ।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোগীদের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়টি মাথায় রেখে সীমিত আকারে জরুরি সেবা কার্যক্রম চালু রাখেন। তবে তিন ঘণ্টাব্যাপী এই অবস্থান ধর্মঘটে সংশ্লিষ্ট সকল বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সমন্বয় পরিষদের সভাপতি আব্দুর রহমান, মোঃ শহীদুল ইসলাম, এস. এম. নজরুল ইসলাম, মোঃ আলী আজম লিটন, মোঃ খোরশেদ আলম, মোঃ আশরাফুজ্জামান, মোঃ রবিউল ইসলাম এবং মোঃ শাহাজাদা মিয়া শিশিরসহ অনেকে।
বক্তারা বলেন, “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কেন্দ্রীয় পরিষদ ঘোষিত আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে, এবং সেটি আমরা দৃঢ়তার সঙ্গে পালন করব।”
সমাবেশে বক্তারা আরও জানান, তারা চান আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক। অন্যথায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়া ছাড়াও আরও ব্যাপক আন্দোলনের পথে যেতে হবে বলে সতর্ক করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন নেতৃবৃন্দ।