বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ব্রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ এর ১৩ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেরোবি ছাত্র শিবিরের সভাপতি সুমন সরকার সংবাদ সম্মেলন করে জানান, এতে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আহমাদুল হককে ভিপি, অর্থনীতি বিভাগের মেহেদী হাসানকে জিএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের বায়েজিদ শিকদারকে এজিএস পদে মনোনিত করা হয়েছে। এছাড়া মুক্তিয্দ্ধু ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলি সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ, কার্যনির্বাহী সদস্য পদে মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামি ও আল হুমায়রা ঐশ বেরোবি শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আহমাদুল হক বলেন, আমরা ইতোমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের সমস্যাগুলো আমরা শুনছি এবং নোটডাউন করছি। শিক্ষার্থীরা আবাসন সমস্যার কথা জানিয়েছে, লাইব্রেরীসহ নানা সংকটের কথা জানিয়েছে। আমরাও তাদের কথা দিয়েছি যদি শিক্ষার্থীরা আমাদের সুযোগ দেয় তাহলে অবশ্যই এসকল সমস্যা নিয়ে আমরা কাজ করবো।
জিএস প্রার্থী মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো সমর্থন পাচ্ছি। তারা আমাদের গ্রহণ করছে। তাদের সমস্যাগুলো আমাদের জানাচ্ছে। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবে।