বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাপানের যুদ্ধবিমানে রেডার লক, চীনা রাষ্ট্রদূত তলব করে কড়া প্রতিবাদ


প্রকাশ :

জাপানের যুদ্ধবিমানের দিকে দুই দফা ফায়ার কন্ট্রোল রেডার তাক করার ঘটনায় চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলব করেছে টোকিও। রোববার রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চান জাপানি কর্মকর্তারা। ঘটনাটিকে তারা “অত্যন্ত দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ” বলে উল্লেখ করেন।

ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমান এই আচরণ দেখায়। এর প্রতিবাদ জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, জাপান বলছে এটি একটি “হামলার পূর্ববর্তী শত্রুতামূলক আচরণ” এবং তাদের বিরুদ্ধে সরাসরি চাপের কৌশল। চীন অভিযোগ অস্বীকার করেছে।

সামরিক ভাষায় রেডার লক মানে একটি লক্ষ্যবস্তুকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত, অনুসরণ এবং সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত করা। জাপানের দাবি, এই পদক্ষেপ স্পষ্টভাবে হুমকির বার্তা বহন করে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে এবং সমুদ্র-আকাশপথে নজরদারি বাড়ানো হবে।

চীন-জাপান উত্তেজনার পটভূমি তৈরি হয় গত ৭ নভেম্বর। সেদিন জাপানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, চীন তাইওয়ান দখল করতে চাইলে তারা বসে থাকবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তা দেবে। এরপর চীন পাল্টা হুশিয়ারি দেয়—“তাইওয়ান নিয়ে হস্তক্ষেপ করলে ধ্বংসাত্মক সামরিক প্রতিক্রিয়া হবে।”

চীনের হুমকির পর জাপান তাইওয়ান উপকূলের কাছে ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে। একইসঙ্গে দুই দেশ তীব্র কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে। চীন জাপানের রাষ্ট্রদূতকে তলব, জাতিসংঘে অভিযোগ, জাপানি সামুদ্রিক খাবার আমদানি বন্ধ এবং নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়।

এ উত্তেজনার প্রভাব সাংস্কৃতিক বিনিময়েও পড়েছে। জাপানি সিনেমা ও সাংস্কৃতিক আয়োজন বাতিল বা স্থগিত হচ্ছে। জাপানের সামরিক মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, দেশ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে, তবে চারপাশের সামুদ্রিক অঞ্চলে চীনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।