মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ছিল বেগম খালেদা জিয়ার স্বপ্ন।

শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছে, দেশ যেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। তবে দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বুঝতে হবে, সামনে একটি প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব অপেক্ষা করছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত হতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) হলে চলবে না, জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

বিজ্ঞাপন