সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে যাত্রীর ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় বাস থেকে ফেলে হত্যা দুইজনকে


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
রংপুরে যাত্রীর ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় বাস থেকে ফেলে হত্যা দুইজনকে

রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে। অপর দিকে অন্য সড়ক দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন। দুই যাত্রীকে হত্যার অভিযোগে বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। এসময় আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিযা (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
বাসটিতে থাকা একই এলাকার প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য সব যাত্রীকে নামিয়ে দিলেও আমাকে নামায়নি। একপর্যায়ে গাড়ির হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে এবং আমার গলায় গামছা প্যাঁচিয়ে ধরে। বিষয়টি দেখে মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত অবস্থা থেকেই তাদের দুজনকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখতে পেয়ে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করে। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করে। তা না হলে ওরা আমাকেও মেরে ফেলত।
নিহতদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার ছয়জন যাত্রী কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের একজন আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করে।আতিককে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন ।ঘটনার পর পুলিশ বাসের চালক আজিজ হোসেন ও সহকারী শফিককে আটক করেছে।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মোস্তাফিজার রহমান জানান,কুমিল্লা- জলঢাকাগামী  সাইমুম পরিবহনের( ঢাকা মেট্রো- ব-১২৩৯৯০)একটি নৈশকোচে নিহতদের সঙ্গে কন্ডাক্টেরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে এই ঘটনাস্থলেই দুইজনের মুত্যু হয়।আরো এক জন আহত হন তার নাম আতিকুল ইসলাম(৩৫)।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন , আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মুকুলের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় দিনাজপুর জেলার বীরগঞ্জের বাসিন্দা বাসের চালক আজির উদ্দিন (৩৫) ও হেল্পার শফিকুল ইসলামকে (২৬) আসামি করে একটি মামলা করেছেন। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এজাহারে অনেক কিছু বলা হয়েছে, তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশকে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
এদিকে রংপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। রবিবার (১৫ নভেম্বর) ভোর রাতে পাগলাপীর-গঞ্জিপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া থানার এসআই জনক রায়।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য মেহেরুল মারা যান।পরে গুরুতর আহত অন্যদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক দীবা রানী সরকার মারা যান।
গঙ্গাচড়া মডেল থানার এসআই জনক রায় বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন