গণপরিবহনে নারীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তর করা হবে।
চলতি বছরের ২৯ অক্টোবর অর্থ বিভাগ এ অর্থ বরাদ্দ দেয়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয়।
গত ৯ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখার উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, সরকার অর্থ ছাড় করেছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের উদ্দেশে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
বিআরটিসির চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির আগেই বাসগুলো সংস্থাটির কাছে হস্তান্তর করা হবে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে বাস
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাসগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাস সরবরাহের বিষয়ে চীনের কয়েকটি কোম্পানির সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চীন থেকেই বাসগুলো কেনা হবে।
এর আগে গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কিনতে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
যাত্রীসংকটে পিংক বাস সার্ভিস
বিএনপির নির্বাচনী ইশতেহারে বড় শহরগুলোতে নারীদের জন্য বিশেষ বাসসেবা চালুর প্রতিশ্রুতি ছিল।
সরকার গঠনের পর গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হকের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বৈদ্যুতিক বাসভিত্তিক বিশেষ গণপরিবহন সেবা চালুর আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে পরীক্ষামূলকভাবে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত ১৪টি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে এ সেবা চালু করা হয়।
ঢাকার বাইরেও বাড়বে সেবার পরিধি
বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে।
তবে বর্তমানে চালু পিংক বাস সার্ভিসে যাত্রীসংকট রয়েছে। বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব বাস সাধারণত সকালে ও বিকেলে দুটি ট্রিপ পরিচালনা করে। কিন্তু অধিকাংশ ট্রিপেই সব আসন পূর্ণ হয় না। কখনো অতিরিক্ত ট্রিপ চালানো হলেও যাত্রীসংখ্যা সাত থেকে আটজনের বেশি হয় না।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, নারী যাত্রীদের অনেকের সঙ্গে সন্তান, স্বামী বা ভাইয়ের মতো পুরুষ সহযাত্রী থাকেন। কিন্তু পিংক বাস শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা এতে উঠতে পারেন না। ফলে যাত্রীসংকট তৈরি হচ্ছে।
তিনি জানান, এ পরিস্থিতিতে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে বিআরটিসি।
এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাবও এসেছে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একটি সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করা হয়েছে। এটি পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা হবে। এ সেবায় খরচ উঠছে কি না বা কত আয় হচ্ছে, সেটি বিআরটিসির বিবেচ্য বিষয় নয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক