রেজাউল ইসলাম বাঁচতে চায়। মরণব্যাধি ক্যান্সারে শয্যাশায়ী তিনি। জীবনের মাত্র ২৮টি বসন্ত কেটেছে তার। এক সময়ের টগবগে যুবক রেজাউল এখন জীর্ণ-শীর্ণ শরীরে। ক্যান্সারের চিকিৎসায় সর্বশান্ত হয়েছেন তিনি। দেড় বছর বয়সী অবুঝ কন্যা শিশু আর স্ত্রীর জীবন চিন্তায় বেঁচে থাকার তীব্র আকুতি বাড়িয়ে তুলেছে রেজাউলের। কিন্তু অর্থ সংকটে কূল-কিনারা না পেয়ে এখন মৃত্যু প্রহর গুণছেন দিনমজুর রেজাউল। অর্থের সংস্থানের মাধ্যমে সঠিক চিকিৎসায় রেজাউলকে বাঁচাতে সরকারসহ বিত্তবাণদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর।
পারিবারিক সূত্রে জানা যায়, রংপুর মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ শ্যামপুরের আব্দুল মজিদের ছেলে রেজাউল ইসলাম। ছোট বেলাতেই তিনি বাবা-মাকে হারান। বড় ভাইয়ের আশ্রয়ে বড় হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর কাজের সন্ধানে রেজাউল বেরিয়ে পড়েন ঢাকায়। মতিঝিলের একটি ছাপাখানায় ম্যানেজারের কাজ পান তিনি। ভাই ও বোনদের আর্থিক সহযোগিতা করতে থাকেন। ২০২৪ সালে বিয়ে করেন রেজাউল। ভালই চলছিল তাদের সংসার। বিয়ের এক বছর না যেতেই ২০২৫ সালের শুরুতে হঠাৎ পেট ব্যাথা, মাথা ব্যাথা অনুভব করেন রেজাউল। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসক দ্রুত টিউমার অপারেশনের কথা বললে টাকা যোগার করতে দেরী করেন রেজাউল। এরপর অপারেশন করা হলেও পুরোপুরি সুস্থ্য হয়নি তিনি। এর কিছুদিন পর আবার শারীরিক সমস্যা শুরু হয়। এরপর চিকিৎসকের পরামর্শে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হলে ওই বছরই ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের সাথে যুদ্ধ করতে গিয়ে চাকুরী হারান রেজাউল। ফিরে আসেন গ্রামের বাড়ি শ্যামপুরে। সেখানে পরিবারের সদস্য, এলাকাবাসী, সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় চিকিৎসা শুরু করেন। চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে কর্মহীন রেজাউল পৈত্রিক সূত্রে পাওয়া জমিও বিক্রি করে দেন। এভাবে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকা ক্যান্সারের চিকিৎসায় চলে যায় রেজাউলের। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে বড় ভাইয়ের জমিতে বসবাস করছেন।
সরেজমিনে দেখা যায়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাওয়া একটি কাঁচা রাস্তার শেষ মাথায় বাড়ি রেজাউল ইসলামের। টিনের একটি ঘরে শুয়ে আছেন তিনি। শয্যার পাশে স্ত্রী সুমি আক্তার ও দেড় বছরের কন্যা সন্তান। স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন বুকের মাঝে চাপা কষ্ট লুকিয়ে রেখেছেন রেজাউল ইসলাম। ঘরের বেড়ায় এখনও টাঙ্গানো আছে তার তারুণ্য দীপ্ত ছবি। সেই ছবির চনমনে রেজাউল এখন যেন অচেনা।
রেজাউল ইসলাম বলেন, আমি আবার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। আমার অবুঝ মেয়ে বাবার স্নেহ-ভালোবাসা ঠিকমত বুঝে উঠতে পারেনি। এর আগেই আমি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছি। আমার পৈত্রিক জমি বিক্রি করে চিকিৎসা করেছি। অপারেশন ও ৬টি কেমোথেরাপি দিতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। এখন আমার আরও ৩টি কেমোথেরাপি নিতে হবে। এর জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। আমি কোনভাবে সেই টাকা যোগাড় করতে পারছি না।
তিনি বলেন, গত অক্টোবর মাসের ২১ তারিখ কেমোথেরাপির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু টাকার অভাবে আমি সেটি নিতে পারি নাই। এরপর ডাক্তার ২ নভেম্বর কেমোথেরাপি দিতে বলেছিল, সেটিও টাকার অভাবে দিতে পারিনি। আমার জীবনে বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সমাজের বিত্তবাণ, সহৃদয়বান ব্যক্তি আমার পাশে দাঁড়ান, তাহলে আমি আমার কন্যা-স্ত্রীকে নিয়ে এ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। প্লিজ আমার পাশে দাঁড়াবেন।
রেজাউল ইসলামের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার বাচ্চা ও স্বামীর মুখের দিতে তাকিয়ে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাকে অল্প বয়সে বিধবা ও আমার বাচ্চাকে এতিম হতে হবে না। রেজাউলকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন।
রেজাউলের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী রেজাউলের চিকিৎসা চালিয়ে গিয়েছি। কিন্তু এখন তাকে দেবার মত আমাদের কিছু নেই। আমি দিনমজুরী করে সংসার চালাই। আমার ভাই সাহায্য পেলে তাকে বাঁচানো সম্ভব হবে। আমরা সরকারের সহযোগিতা চাই। রেজাউল ইসলামকে সহযোগিতা পাঠানোর নম্বর ০১৬১০৩৬৬৬৯৬ (বিকাশ ও নগদ)।
রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুসরাত ফাতেমা বলেন, ক্যান্সার, লিভার সিরোসিসসহ জটিল রোগীদের সমাজসেবা কার্যালয়ে আবেদন করলে আমরা তাদের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দিয়ে থাকি। এ বিষযে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।