বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রমে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাস চলবে এ কার্যক্রম।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসেই বিশেষ এ ওএমএস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে কার্যক্রমটি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে বিক্রি করা হবে।

বিশেষ এ কার্যক্রম বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি গুদামে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। ফলে বিশেষ এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান মজুত থেকেই সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো, যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন।

তবে বিশেষ এ ওএমএস কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি প্রথম আলোকে বলেন, ছয় দিন কাজ করার পর সাপ্তাহিক ছুটির দিনে শুধু চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো শ্রমিকদের জন্য সম্মানজনক নয়। ৩০০ টাকা সাশ্রয়ের এ উদ্যোগ কার্যকর সমাধান হতে পারে না।

তিনি আরও বলেন, সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানার গেট থেকেই সরবরাহ করা উচিত। শুধু চাল নয়, ডাল, তেল, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হলে শ্রমিকেরা বেশি উপকৃত হবেন।

ম্যাপড ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ হাজার ৩২০টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২৯ লাখ ৮৭ হাজার। তাঁদের মধ্যে ৫৭ শতাংশ নারী।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন