বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া জেরিকা তাসনিম দিশা নামে এক নারীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার রাতে দিশাকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে যান তাহসিফ সৌরি। এ সময় আরেকটি মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ।
ওই ভবনে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নিচে নেমে সেখান থেকে চলে যান।
এ ঘটনায় গত শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। ওই মামলায় দিশাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু শাহরিয়ার দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার চার দিনের রিমান্ড চলছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
রংপুরে জাতীয় যুব দিবস উদ্যাপিত
৩৯ মিনিট আগে