শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুর বিভাগে ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৪৫৪ জন, শিশুসহ মৃত্যু ১


প্রকাশ : (১ ঘন্টা আগে)
রংপুর বিভাগে ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৪৫৪ জন, শিশুসহ মৃত্যু ১

রংপুর বিভাগে গত সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৪৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাড়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ান নামে সাড়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাত দিনে বিভাগের আট জেলায় ৪৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দিনাজপুরে ২৫ জন, লালমনিরহাটে ৯ জন এবং গাইবান্ধায় ১৪ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগে মোট ৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৭৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২০ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন, পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিজ্ঞাপন