ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, হত্যা ও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্কের চেতনাবিরোধী আচরণ করছে। তার ভাষ্য, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পিত সিদ্ধান্ত।
ড্যাবের কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, স্বৈরাচারী সরকারের সময়ও সংগঠনটির চিকিৎসকরা জনগণের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়েছেন। এ কারণে অনেক চিকিৎসক চাকরিচ্যুতি, পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া এবং দুর্গম এলাকায় বদলির মতো হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, করোনা, ডেঙ্গু ও হামসহ বিভিন্ন দুর্যোগে ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
ভারতের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি তরুণ-শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার বর্ষপূর্তিতে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের প্রতি অসম্মানজনক।
দেশের স্বাস্থ্য ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে সেবা এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
৮ ঘন্টা আগে
সচিবালয় ঘেরাওয়ে ১১ দলীয় ঐক্যের চেষ্টা, পুলিশের বাঁধা
১১ ঘন্টা আগে