বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৮শে জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে। এ কার্যক্রমকে আরো কার্যকর করতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদক প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সংগঠন ও গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন