বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

উত্তরাঞ্চলসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
উত্তরাঞ্চলসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল এবং দেশের অধিকাংশ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।

আজ বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারও বৃষ্টির একই ধারা অব্যাহত থাকবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই ধরনের আবহাওয়া শনিবার ও রোববারও বজায় থাকতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা কয়েক দিনের এই বৃষ্টিপাতের কারণে নিচু এলাকা ও জলাবদ্ধতাপ্রবণ স্থানে পানি জমতে পারে। তাই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ভারী বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন