সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে: ত্রাণমন্ত্রী


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে এবং তা ভয়াবহ রূপ ধারণ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফসহ নানা কর্মসূচি। এছাড়া হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খননের মতো প্রকল্পেও গরিব ও অসহায় মানুষ কাজ করার সুযোগ পাচ্ছেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন| তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী স্বাধীনতার স্বপ্ন  বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের সম্পৃক্ততা রয়েছে। বিএনপি সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ শুরু করেছে। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়েছেন। চীনকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক ও কারিগরি সহায়তার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই চীন সফর করবেন। সরকার আশাবাদী, জনগণের দীর্ঘদিনের এই দাবির প্রতি গুরুত্ব দিয়ে নির্বাচিত সরকার দ্রুত সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে।

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং আরএফএলের হেড অব রিক্রুটমেন্ট নাফিস আনদালিব অর্ণব।

এ চাকরি মেলায় লালমনিরহাটে ১ হাজার জনের কর্মসংস্থান করা হবে। প্রায় ৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।