কুড়িগ্রাম জেলার সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ই মে) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম জেলা প্র্রশাসন এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম জেলায় চাহিদার তুলনায় উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদিত হয়। তারপরেও বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা না হওয়ার কারণে এই অঞ্চলের অধিকাংশে মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। কুড়িগ্রামের দরিদ্রতা দূরীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি ক্ষোপ প্রকাশ করে বলেন, কুড়িগ্রামের মানুষ বেশি ঘরমুখো হওয়ায় দেশের প্রবাসীদের তালিকায় তাদের সংখ্যা অনেক কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক ও রাজনৈতিকভাবে ঘরমুখো মানসিকতার পরিবর্তন আনতে হবে।
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোনো প্রকার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতিকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি দপ্তরে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় কুড়িগ্রাম জেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ীতে দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড খাল সংযোগ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।