দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও অন্যান্য সংবেদনশীল স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বেবিচক বিমানবন্দরে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।
বিমানবন্দরজুড়ে ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কোনো কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল চিহ্নিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।