সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে ইরানের নির্দেশনা


প্রকাশ :

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখতে ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল।

এর প্রেক্ষিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে বাংলাদেশের পক্ষকে জানান, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, দ্বিপাক্ষিক স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও শান্তিপ্রিয় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংযম, সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পরররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজে হামলার ঘটনার পর এ রুটে চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন এই নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।