এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এতে ৪১৮ জন হজযাত্রী রয়েছে।
এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আশকোনা হজ ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। তিনি সেখানে একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন।
পরে রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।