পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল এনে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদ ও মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত কমিশনার, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।