সরকারি চাকরিতে বড় আকারের নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে পাঁচ লাখ পদ পূরণের প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ছকে সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাদের শূন্যপদের বিস্তারিত তথ্য পাঠাতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে মন্ত্রণালয়, বিভাগ, তাদের অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্যপদের সঠিক তথ্য জরুরি। এর মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য—সব ধরনের পদ অন্তর্ভুক্ত থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রশাসন-২ শাখায় পাঠানোর পাশাপাশি পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে সফটকপিও ই-মেইলে পাঠাতে হবে। এছাড়া পিএসসির মাধ্যমে পূরণযোগ্য পদ থাকলে তার অধিযাচন আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।