সরকার নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রিসহ অবৈধ মজুদের বিরুদ্ধে রংপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর সেনপাড়ার মেসার্স এসএস ট্রেডার্স ও গোমস্তপাড়ার আয়াত ট্রেডার্সের ভোজ্য তেলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি, বোতলের গায়ে তেলের উৎপাদন ও উর্ত্তীণের তারিখ না থাকায় মেসার্স এসএস ট্রেডার্সকে ২০ হাজার এবং আয়াত ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের দপ্তর থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সেই সাথে সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে। আজ অভিযানে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। কোন ব্যবসায়ী ভোজ্য তেল অবৈধভাবে মজুদসহ বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।