শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

অফিসে সকাল ৯টা–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি, জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি নির্দেশ


প্রকাশ :

সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এসব নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দাপ্তরিক কক্ষে অবস্থান করতে হবে। এ সময়ের মধ্যে কোনো ধরনের বৈঠক, বাহিরের কর্মসূচি বা অন্য কাজে অংশ নেওয়া যাবে না। দাপ্তরিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রেখে জানালা বা ব্লাইন্ড খুলে আলো ব্যবহার করতে হবে।

এছাড়া অফিস চলাকালীন শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করে নিয়মিত তদারকির ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি অফিস কক্ষ, করিডোর ও অন্যান্য স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

সরকারি এই নির্দেশনা দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।