চার দিনের সরকারি সফর শেষ করে নিজ জেলা পাবনা থেকে রাজধানী ঢাকায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন।
এর আগে গত শনিবার (২৮ মার্চ) দুপুরে বঙ্গভবন থেকে যাত্রা শুরু করে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মাধ্যমে তার এ সফরের সূচনা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান।
সফরকালে রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। দ্বিতীয় দিনে তিনি সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার (৩০ মার্চ) তিনি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। একই দিন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠকে জেলার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
এছাড়া ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
পুরো সফরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল ব্যাপক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।