দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্ধারিত সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৩ই মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার গ্রহণ করে জনগণ বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে। এজন্য সরকার মানুষের অধিকার নিশ্চিতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
মন্ত্রী জোর দিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া নির্মূলকরণ ও সামাজিক অপরাধ বন্ধের অগ্রগতিসহ আলোকিত লালমনিরহাট বির্নিমাণে সার্বিক কাজ অব্যাহত থাকবে। এরপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।