মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে বেসরকারী স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে রংপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। রংপুর জেলা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মামুনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ এ এম শামীম। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম নন্তু, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডাঃ জাবেদ আখতার, সদস্য ডাঃ মারুফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার জেলা কমিটির সাধারণ সম্পাদক সামসুর রহমান কোয়েল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অন্যরা।
সভার প্রধান অতিথি বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, বেসরকারী স্বাস্থ্যখাত দেশের সিংহভাগ মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকে। বেসরকারী স্বাস্থ্যখাতের উন্নয়ন করা গেলে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
তিনি বলেন, লাইসেন্স বিহীন ক্লিনিক-ডায়গনোস্টিক সেন্টারে প্রশাসনের অভিযান কিংবা কোন অপ্রীতিকর ঘটনার দায় সমিতি নেবে না। সমিতির সদস্য নয়, এমন প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। বেসরকারী স্বাস্থ্যখাতের মান উন্নয়নে সমিতির পক্ষ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে বেসরকারী স্বাস্থ্যখাতের আমুল পরিবর্তন ঘটবে। সভায় রংপুরের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের কর্ণধারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।