“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। আজ ৬ মার্চ (শুক্রবার) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার আ খ ম সয়েল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কুমার প্রণয় বিশ্বাস দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তার মিয়া। আলোচনা সভা শেষে প্রত্যেকে একটি করে পাটের ব্যাগ উপহার দেয়া হয়।
র্যালি ও আলোচনা সভায় ব্যবসায়ী, উদ্যোক্তা, জুট মিলের মালিক প্রতিনিধি, পাটচাষি, জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।