বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
নতুন আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে এবং তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন থেকে সরিয়ে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্য রদবদলের মধ্যে, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। একই সঙ্গে, ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালনরত ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে এবং তাঁকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদেও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। তাঁর স্থলে এম অ্যান্ড কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক করা হতে পারে।