লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ জিরা জব্দ করেছে। পৃথক দুই অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে গংগারহাট ও দিঘলটারী বিওপির দুটি টহলদল অভিযান পরিচালনা করে। এর মধ্যে ২১ ফেব্রুয়ারি রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এবং ২০ ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ডিগ্রীর চরে অভিযান চালানো হয়।
অভিযানকালে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে লক্ষ্য করে ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেরার দিঘলটারী সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৩৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে মোট ২৯ কেজি জিরা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা এবং জিরার মূল্য প্রায় ২৯ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার টাকা।
এ ঘটনায় জড়িত চোরাচালানকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।