শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে প্রায় ৭ কেজি সোনা জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) রোববার বিকাল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন।
অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা। এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা। বান্ডিল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। যাতে উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন দাঁড়ায় ৬ কেজি ৯৬০ গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।