রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

থাইল্যান্ডের বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক


প্রকাশ :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল রোববার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধারের কামনাও করেন তিনি।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বার্তায় তিনি উল্লেখ করেছেন—এই বিপর্যয়ে যাঁরা প্রিয়জন হারিয়েছেন, আহত হয়েছেন বা ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সহমর্মিতা রয়েছে।

তিনি বলেন, কঠিন এই সময়ে থাই সরকার ও জনগণ বাংলাদেশের চিন্তা ও প্রার্থনায় রয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বে থাইল্যান্ড দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠবে এবং ক্ষয়ক্ষতি সামলে দাঁড়াতে সক্ষম হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রয়োজন হলে বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।