সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করে সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি তুলেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, পদোন্নতির পরিষ্কার কাঠামো না থাকায় সহকারী শিক্ষকরা বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়ে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে বিক্ষোভে অংশ নেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী সেখানে বলেন, সহকারী শিক্ষক পদের গ্রেড উন্নীত করে ক্যাডারভুক্ত করা হলে প্রশাসনিক বিভিন্ন পদে পদোন্নতির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দ্রুত গঠন করে গেজেট প্রকাশেরও দাবি জানান তিনি।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়ে দেন, চার দফা দাবি রোববারের মধ্যে সমাধান না হলে সোমবার থেকেই বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭২১টি।
শিক্ষকদের দাবি— বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তিন কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন, এবং ২০১৫ সালের আগের নিয়মে ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধার গেজেট প্রকাশ।