রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর


প্রকাশ :

গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ ও ৭ ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই সিদ্ধান্ত জানায়।

ঢাকা সেনানিবাসের সাময়িক কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে সকালে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের উপস্থিতির পর প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির দিন ঠিক করেন।

পলাতক আসামি শেখ হাসিনার পক্ষের আইনগত সহায়তার জন্য সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের জন্যও রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উভয় পক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণকে ঘিরে সেনা, পুলিশ, র‍্যাব ও বিজিবির কড়া নিরাপত্তা জোরদার ছিল।

গত ৮ অক্টোবর আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে করা দুই মামলায় ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর মধ্যে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাই অধিকাংশ। পরোয়ানার পর ২২ অক্টোবর হাজির করা ১৩ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ছাড়াও রয়েছেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

কারাগারে পাঠানো ওই ১৩ সেনা কর্মকর্তার মধ্যে আছেন— র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এদিকে জুলাই–আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনী ১৫ জন কর্মরত কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় ১১ অক্টোবর। এরপর ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের এমইএস ভবন নং ৫৪-কে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।