রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা


প্রকাশ :

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কয়েক মিনিট নীরবভাবে দাঁড়িয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। এই সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে, পাশাপাশি বিউগলে করুণ সুর বাজে।

উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের পর ভুটানের প্রধানমন্ত্রী দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার স্বাগত জানান।

বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।