রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

কাদিয়ানি ইস্যু সংসদে তোলার আশ্বাস সালাহউদ্দিনের


প্রকাশ :

খতমে নবুওয়তের বিশ্বাসকে অটুট রাখার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আস্থা ছাড়া মুসলমান হওয়া সম্ভব নয়।

তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানি ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইনগত উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সালাহউদ্দিন।

তার ভাষায়, মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস সুস্পষ্ট—লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী, তার পরে আর কোনো নবী আসবেন না। কেউ এমন দাবি করলে তা রাসুলুল্লাহর ঘোষণার বিরোধী।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করেছিলেন, যা এখনো রয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থার অংশটি বাদ দেওয়া হয়েছে—এটি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

মহাসম্মেলনে উত্থাপিত দাবিগুলোর প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ সব দাবি সংসদে আলোচনা করে আইনগতভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে, যদি বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পায়।

বিশ্ব মুসলিম উম্মাহর বিভক্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আল্লামা ইকবালের কবিতা তুলে ধরেন। তার মতে, মুসলিম জাতি ঐক্য হারানোর কারণেই ফিলিস্তিন ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

সবশেষে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এসব দাবি বাস্তবায়নে জাতীয় সংসদে সহযোগিতার কথা বলেন।