বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৬ সালের পবিত্র হজ মৌসুম নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নের বিষয়েও অনুরোধ জানান।
এ সময় সৌদি মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের আশ্বাস দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা তিনি সানন্দে গ্রহণ করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান মানাখারা, বাংলাদেশের ধর্মসচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব মঞ্জুরুল হক ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।