রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ভবনের চতুর্থ তলায় এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি দল ভবনের চতুর্থ তলায় কাঠ, কার্টনসহ বিভিন্ন দাহ্য বস্তু জড়ো করে আগুন লাগিয়ে দেয়। আগুন কিছুটা নিভে এলেও তারা আবারও সেখানে আগুন ধরিয়ে দেয়। বেলা সোয়া ১টার দিকে পর্যন্ত ঘটনাস্থলে ধোঁয়া উঠতে দেখা যায়।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। শুধু গুলিস্তান নয়, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও তখন আগুন দেওয়া হয়েছিল। সেই সময় থেকে ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আজ ঢাকার বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অবস্থান ও মিছিল করতে দেখা গেছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা হবে। এই রায় ঘোষণার তারিখ ঘিরেই ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।