বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় চলতি মাসের শেষ দিকে হতে পারে৷
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানিয়েছেন৷ আজ (মঙ্গলবার) বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, রায় ঘোষণার জন্য আদালত আরো এক সপ্তাহের মতো সময় নিতে পারে৷’’ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ নভেম্বর৷ তামীম বলেন, ‘‘আমরা স্পষ্ট করে বলতে চাই যে, ১৩ নভেম্বর আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে৷’’
জুলাই অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত দুই শতাধিক মামলা হয়েছে৷
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের আইন মোতাবেক জুলাই অভ্যুত্থানের সময় হত্যা রোধে ব্যর্থতা, মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি অভিযোগ উত্থাপন করেছেন প্রসিকিউটররা৷ দোষী সাব্যস্ত হলে তার ফাঁসি চেয়েছেন তারা৷
৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেছেন চলমান বিচার প্রক্রিয়া নিছক ‘আইনশাস্ত্রীয় রসিকতা’৷
সূত্র: (ডয়েচে ভেলে)