বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও তিন মাস ছয়দিনের জন্য বৃদ্ধি করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উচ্চ পদমর্যাদার কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবি সংশ্লিষ্ট পদমর্যাদার কর্মকর্তারা আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর দুই মাসের মেয়াদের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২-এর অধীনে অপরাধ মোকাবিলায় এই কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে।