রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ফল প্রকাশের অপেক্ষা শেষ হতে যাচ্ছে


প্রকাশ :

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ৯ নভেম্বর শেষ হয়েছে। শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে প্রার্থী বাছাইয়ের জন্য এই বিশেষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএসে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন।

শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২১ জুলাই। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কোনো জটিলতা না থাকলে খুব শিগগিরই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

পিএসসি জানিয়েছে, ফল প্রকাশের পর দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে, যাতে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত সময়ে দায়িত্ব নিতে পারেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করে একটি বার্ষিক রোডম্যাপ অনুসরণ করছে।

এদিকে পিএসসি বর্তমানে একসঙ্গে তিনটি সাধারণ বিসিএসের কাজ পরিচালনা করছে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে; লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার কর্মকর্তা ও ১ হাজার ২২ জন নন-ক্যাডার নিয়োগ পাবেন।

অন্যদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। মূল্যায়ন শেষ হলে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ২৮ সেপ্টেম্বর, যেখানে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।