দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে জামায়াত কারও সঙ্গে আপস করবে না।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত শুধু প্রতিশ্রুতি দেয় না, কথার সঙ্গে কাজের মিল রাখার পক্ষেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে চাই আমরা।”
তিনি বলেন, “নির্বাচনের আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেয়, বিদেশের মতো বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পর তারা সেই কথা ভুলে যায়। দেশের মানুষ বহুবার প্রতারণার শিকার হয়েছে। এবার জনগণকে সেই ধোঁকাবাজদের চিনতে হবে এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”
দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে যুবসমাজ আত্মনির্ভর হবে, সরকারের মুখাপেক্ষী নয়। তারা নিজেরাই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা কারও নির্দেশে চলব না, কারও দাদা-ভাই হব না। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হবে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করব না।”
তিনি বলেন, “এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। অনেক বছর আমরা অতীত নিয়ে পড়ে থেকেছি, ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে পরিবর্তনের। ইতিবাচক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।”
জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ আমাদের সরকার গঠনের সুযোগ দিলে নৈতিক ও আধুনিক শিক্ষা, সবার জন্য ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সম্প্রীতির মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, জসিম উদ্দিন ও ওয়াহিদুল ইসলাম সাদী।
এর আগে জামায়াত আমির রাজধানীর বিভিন্ন মসজিদে জুমা, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাগরিবের পর পশ্চিম মনিপুরে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।