রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু


প্রকাশ :

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে এ মামলায় ছয়জন আসামি কারাগারে আছেন, আর বাকি ২৬ জন, যাদের মধ্যে বেরোবির সাবেক উপাচার্যও রয়েছেন, তারা এখনও পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই আজ প্রসিকিউশনের বক্তব্য শোনা হবে।

পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা ইতোমধ্যে শুনানি সম্পন্ন করেছেন। বিভিন্ন ধাপে গত জুলাই মাসে আসামিদের পক্ষে ও প্রসিকিউশনের পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেউ কেউ অব্যাহতির আবেদন করেন, তবে প্রসিকিউশন মামলার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে কঠোর শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, গত ৩০ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে, ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আজ থেকে শুরু হচ্ছে বহুল আলোচিত শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম।