লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তা পরিদর্শন ও পানিবন্দি গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় সেনাবাহিনীর একটি দল পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়।
রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান লালমনিরহাট জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি পানিবন্দি এক শতাধিক গরিব-অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, লবণ ও চিনি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এর আগে তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার করিমউদ্দিন অডিটোরিয়ামে অবস্থিত ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি, জি (কমান্ডার, ৬৬ আর্টিলারি ব্রিগেড),
কর্নেল মোঃ এমদাদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি (কর্নেল স্টাফ, ৬৬ পদাতিক ডিভিশন), লেফটেন্যান্ট কর্নেল মোঃ রাকিব আহমেদ, পিএসসি (অধিনায়ক, ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা, ওসি (তদন্ত) দেবব্রত রায় প্রমুখ।
ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে জিওসি মেজর জেনারেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ মেরামতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।”