জমি ক্রয়ে কৃত জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজধানীর তোপখানা রোডে ৩৩ শতাংশ জমি ক্রয়ে ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ ২২৯ কোটি টাকা অনুমোদন দেয়। অথচ, অনুসন্ধানে দেখা গেছে এই জমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রির কয়েক মাস আগেই একজন ব্যক্তি তা কিনেছিলেন মাত্র ২১ কোটি টাকায়।
অর্থাৎ, স্বল্প সময়ের ব্যবধানে ১০ গুণ বেশি মূল্যে প্রায় ২০৮ কোটি টাকা বেশি দামে একই জমি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কিনে নেয়, যা চূড়ান্ত আর্থিক অনিয়মের স্পষ্ট প্রমাণ।
দুদক জানিয়েছে, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জমির মালিক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ২৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।