উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ধস ও জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এতে এসব অঞ্চলের ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে।
এছাড়া অতিভারী বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল ৬টায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।