রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ করতে হবে: নাহিদ ইসলাম


প্রকাশ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশব্যাপী জাতীয় সংস্কার, বিচারব্যবস্থার পুনর্গঠন ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি যে 'জুলাই পদযাত্রা' করছে, তার মূল লক্ষ্য হলো আগামী ৫ আগস্টের মধ্যেই 'জুলাই সনদ ও ঘোষণাপত্র' বাস্তবায়ন নিশ্চিত করা। দেশবাসী আমাদের আন্দোলনে সম্পৃক্ত রয়েছে, এ কারণেই আমরা আশাবাদী।”

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জীবন দিয়েছে। এখানকার আলেম সমাজ সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিল, যার ফলে এই অঞ্চল দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। গ্যাস উৎপাদনের বড় অংশ ব্রাহ্মণবাড়িয়ায় হলেও এখানকার মানুষ গ্যাস পায় না। উন্নয়ন মানে শুধু ঢাকায় নয়—সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে সারাদেশে।”

তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আত্মত্যাগ করেছে, কিন্তু আপস করেনি। আগামীর সব গণতান্ত্রিক আন্দোলনে আমরা তাদের পাশে চাই।”

শহীদের স্বীকৃতি ও বিচার দাবি এনসিপির: সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা শুধু স্লোগান দিই না, জীবন ও রক্ত দিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছি। প্রয়োজনে আবারও জীবন দেব, তবু এই বাংলাদেশকে পুনর্গঠিত করব।”

তিনি আরও বলেন, “শাপলা চত্বরে মোদিবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদদের স্বীকৃতি ও সেই ঘটনার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মাইলস্টোনের ঘটনার মতো নানা ইস্যুকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করছে। তাই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এখনই ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে অগ্রসর হতে হবে।” তিনি বলেন, “আওয়ামী লীগের পতনের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আলম মাহমুদ জিহান, মাওলানা আশরাফ উদ্দিন মাহদী প্রমুখ।

এর আগে সকালে এনসিপি নেতারা ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে 'জুলাই গণঅভ্যুত্থানে' নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর পৌনে ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে 'জুলাই পদযাত্রা' শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ এসসিপির নেতা কর্মীবৃন্দ।