রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান


প্রকাশ :

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন আগামী ৮ জুলাই ঢাকা সফরে আসছেন।

এক দিনের এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও সমরাস্ত্র ক্রয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বৈচিত্র্য আনা ও নির্ভরতাকে কমাতে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের পাশাপাশি তুরস্ক থেকেও সমরাস্ত্র সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে তুরস্কের সমরাস্ত্রের চতুর্থ বৃহত্তম ক্রেতা ছিল বাংলাদেশ। ওই সময় বাংলাদেশ তুরস্ক থেকে ১০০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্রের ক্রয়াদেশ দেয়।

‘ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ’ (ডিটিবি)–এর তথ্য অনুযায়ী, তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র নির্মাতা ও প্রতিরক্ষা ঠিকাদার রোকেতসান গত জুনে বাংলাদেশকে ৩০০ কিলোমিটার পাল্লার টিআরজি-৩০০ ‘কাপলান’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য মতে, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (বিওএফ) বর্তমানে বিমান প্রতিরক্ষা এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার লক্ষ্য ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি। এই প্রকল্পে তুরস্ক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া গত সাত বছরে বাংলাদেশ তুরস্কের তৈরি অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে বিখ্যাত বারাক্তার টিবি-২ ড্রোন।

সমরাস্ত্র বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (সিপ্রি)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে তুরস্ক থেকে কোবরা আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে।