ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ার খবর অত্যন্ত মর্মান্তিক।
তিনি বলেন, এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রার্থনায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
প্রধান উপদেষ্টা আরও জানান, ভারতের জনগণ ও সরকারের পাশে রয়েছে বাংলাদেশ। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে আমাদের দেশ।
উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং পর্তুগালের নাগরিকরা ছিলেন। দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।