রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মক্কায় হজের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল শুরু ধর্মীয় আনুষ্ঠানিকতা


প্রকাশ :

সৌদি আরবের মক্কায় পবিত্র হজের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আগামীকাল (বুধবার, ৪ জুন) শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন ও সড়ক শৃঙ্খলা সব খাতেই নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ প্রস্তুতি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে মোট ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থে সাতদিনব্যাপী ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামে পরিচিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিশেষ মেট্রো সার্ভিস ৪৯০০ বার চলাচল করবে। এই ট্রেনটি আল মাশায়ের আল মুগাদ্দাসা লাইনে চালু থাকবে এবং প্রায় ২০ লাখ হজযাত্রীকে সেবা প্রদান করবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ৭৪০০ কিলোমিটার সড়ক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে স্ক্যান করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজও দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসেস মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, বিমান, স্থল, সমুদ্র ও অন্যান্য পরিবহন ব্যবস্থাসহ হজযাত্রীদের ভ্রমণের প্রতিটি ধাপে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “গত বছরের তুলনায় হারামাইন হাই স্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া অন্তত ২৫ হাজার বাস হজযাত্রীদের যাতায়াতে নিয়োজিত থাকবে, যা নিয়মিত ইন্সপেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হবে।” তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ড্রোনসহ উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। 

এদিকে হজ বিষয়ক যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের মুখপাত্র সা’দ আল শানবারি জানিয়েছেন, মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ইন্টারনেট কাভারেজ বাড়িয়ে ফোরজি ও ফাইভ জি সেবা ৯৯ শতাংশ পর্যন্ত পৌঁছানো হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে কমপক্ষে ১০ হাজার ৫০০ ওয়াই-ফাই হটস্পট, এবং ইন্টারনেটের গতি আগের তুলনায় অনেক গুণ বাড়ানো হয়েছে।