হিন্দুধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের রাণীনগর জলপাইগুড়ি বিএসএফ সেক্টর ও ৬ ব্যাটালিয়নের ঊর্ধতন কর্মকর্তাদের হাতে মিষ্টি উপহার দেন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক অধিনায়ক (জোনের কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
বিজিবি জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএসএফ ও বিজিবির মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে আঞ্চলিক অধিনায়ক মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএসএফের কর্মকর্তাদের আহŸানে তিনবিঘা করিডোরের সভাকক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে অংশ নেন- ভারতের রাণীনগর জলপাইগুড়ি বিএসএফ সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট (ডিসি) সুরেশ কুমার শর্মা, ৬ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিসন্ট্যান্ট ডিরেক্টর (এডি) রমণ গুপ্তা ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিকের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রংপুর সেক্টর অধিনায়ক কর্ণেল মামুনুর রশিদ এবং রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম আলদীন।
সভা শেষে আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান দহগ্রাম ইউনিয়নের পুজা মন্ডব ও দহগ্রাম করিডোর পাড়া রাধা গোবিন্দ মন্দির পরির্দশন করেন। এ সময় তিনি হিন্দুধর্মালম্বী নারী-পুরুষ, শিশু ও কিশোরদের সাথে কুশল বিনিময় করেন এবং মিষ্টি উপহার দেন।